প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:০৬ পিএম আপডেট: ২৪.১০.২০২৫ ৬:১৮ PM

পোল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিশাল পোলট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক লাখেরও বেশি মুরগি পুড়ে মারা গেছে। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফালকোভিচে গ্রামের একটি ফার্মে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে হাজার হাজার ডিম পাড়া মুরগি ছিল বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিপি ওয়ার্ল্ড জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ফার্মটিতে প্রায় এক লাখ ৩০ হাজার মুরগি ছিল। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রকৃত সংখ্যা এক লাখ ৫০ হাজার থেকে চার লাখ পর্যন্ত হতে পারে।
সৌভাগ্যবশত কোনো মানবিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি জেলার ৪৫টি ফায়ার ইউনিট অংশ নেয়। ফায়ার সার্ভিস বিভাগ জানায়, আগুনের উৎস ও কারণ এখনও তদন্তাধীন। পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে, শুক্রবার সকাল নাগাদ আগুন প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।
এক ফায়ার কর্মকর্তা বলেন, “এটি ছিল নির্মম দৃশ্য। ভেতরে থাকা মুরগিগুলো উদ্ধারের কোনো সুযোগই ছিল না।”
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, পোল্যান্ড ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ডিম রপ্তানিকারক দেশ, এবং কৃষিখাতে পোলট্রি শিল্প দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস।
স্বদেশ প্রতিদিন/কেআইকে