গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ।
সভায় উপস্থিত ছিলেন আতাহার শাকিল সহকারী কমিশনার ভূমি কাশিয়ানী, শেখ তাজউদ্দিন আহমেদ ওসি তদন্ত কাশিয়ানীসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সেক্রেটারি নুর ইসলাম লেলিন, জেলা জামায়াতের সদস্য কাওসার আহমেদসহ বিভিন্ন সাংবাদিক নেতারা।
এদিন সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, সকলকে ধন্যবাদ জানান এবং শারদীয় দুর্গাপূজায় সকলের সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি কাশিয়ানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষায় হতাশাজনক ফলাফলের জন্য দুঃখপ্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা চান।
সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল তার বক্তব্যে সবাইকে আশ্বস্ত করে বলেন, “পূর্বের ন্যায় বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
ওসি তদন্ত শেখ তাজউদ্দিন আহমেদ বলেন, “বিভিন্ন জায়গায় যখনই আমরা কোনো অভিযোগ জানতে পারি সাথে সাথে আমরা নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেই, মাদকের বিরুদ্ধে নিয়মিত আমাদের অভিযান অব্যাহত আছে।”
এছাড়াও এদিন সাংবাদিক নেতারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ তুলে ধরেন।