দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক শামসুদ্দিন বিশ্বাস (১০৬) মারা গিয়েছেন।
আজ বুধবার (২২ অক্টোবর) ভোরে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই বীরকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
তার বড় ছেলে পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলা জানান, তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বুধবার ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি আরো জানান, তার পিতা ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সরকারি ভাতা পেয়ে আসছিলেন।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে যশোর জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শামসুদ্দিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানাজায় উপস্থিত হয়েছেন।