প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৪৩ পিএম

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে বগুড়ায় বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিএ বগুড়া সার্কেল, যেখানে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকারী র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সহিদ উল্লাহ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক হারুন-উর-রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাফিউর রহমান, মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম, জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন এবং আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মণ্ডল।
বক্তারা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো অপরিহার্য। ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা ছাড়া দুর্ঘটনার হার কমানো সম্ভব নয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ