
জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি
“মানসম্মত হেলমেট, নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
আজ বুধবার (২২ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, পরিবহন শ্রমিক, চালক সংগঠনের প্রতিনিধি, নিরাপদ সড়ক আন্দোলনের কর্মী, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান এবং মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিদিন সড়কে প্রাণহানি ঘটছে চালক ও পথচারীর অসচেতনতা, অতিরিক্ত গতি, ওভারটেকিং, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যের কারণে। তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সবার মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, দুর্ঘটনা রোধে নিয়মিত প্রশিক্ষণ, মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, যানবাহনের ফিটনেস পরীক্ষায় কঠোরতা আনা এবং রাস্তা-ঘাটের মান উন্নয়ন করা জরুরি।
প্রধান অতিথি জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, সরকার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নানা আইন, নীতিমালা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু দুর্ঘটনা প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীলতা।