প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:৩০ পিএম

মোংলায় পশুর নদী থেকে পরিচয়হীন লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ
মোংলা উপজেলার জয়মনি গ্রামে চাঁদপাই নৌ থানার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি খাদ্য গুদাম সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে চাঁদপাই নৌ থানায় খবর দেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি বিবস্ত্র ও পচা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মৃতদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।