প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:১৫ পিএম

ফাইল ছবি
ঢাকা মেট্রোরেলে স্টেশনে কার্ড স্ক্যান করে প্রবেশের পর যাত্রা না করলে ১০০ টাকা ভাড়া কেটে নেওয়া হবে। আগে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটত না, তবে নতুন নিয়ম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
ডিএমটিসিএল জানায়, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ করা হয়েছে। অর্থাৎ, এক স্টেশন থেকে একই স্টেশনে প্রবেশ ও বেরোলে ১০০ টাকা কেটে নেওয়া হবে। বিষয়টি স্টেশনগুলোতে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।
কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এন্ট্রি–এক্সিট নেওয়া যাবে না। নিয়ম ইতোমধ্যে কার্যকর হয়েছে।
তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, তিনি নতুন নিয়মের বিষয়ে পুরোপুরি অবগত নন। বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নতুন নিয়মে অনেক যাত্রী অসন্তুষ্ট। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ ফেসবুক গ্রুপে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। যাত্রীরা বলছেন, জরুরি প্রয়োজনে বা অসুস্থ হয়ে স্টেশন থেকে বের হলে ১০০ টাকা কেটে নেওয়া অন্যায়। তাঁরা মনে করেন, ভাড়া ফাঁকি ঠেকাতে ন্যূনতম ভাড়া কাটতে পারে, কিন্তু সবার জন্য সমানভাবে ১০০ টাকা কাটা অযৌক্তিক।
স্বদেশ প্রতিদিন/শাহো