প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:০৩ AM আপডেট: ২২.১০.২০২৫ ১২:১২ এএম

সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ। তিনি অভিযোগ করে বলেন, ভারতে অবস্থান নিয়েও শেখ হাসিনা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাঁর দল আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ দেশ ও জনগণের ক্ষতি করে চলেছে। তাই বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনাকে স্বাভাবিক বলা যায় না।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, এখনো শেখ হাসিনার প্রেতাত্মা সব জায়গায় সক্রিয়। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, বিমানবন্দরসহ সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন।
সংসদ নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে।
তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদের জনগণ রুখে দেবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর ধরে তা থেকে বঞ্চিত ছিল। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।’
সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনসহ ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের সাবেক ছাত্রনেতারা, জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২-দলীয় জোটের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ