প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৩৬ পিএম

প্রতীকী ছবি
রংপুরের মিঠাপুকুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের (পাচমরা) একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আনিচুর রহমান (৩২)। সে কুড়িগ্রাম সদর উপজেলার কুমরপাড়া গ্রামের ময়েন উল্যার ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এক দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আনিচুর। স্ত্রীকে ফোনে বলেন, “আমাকে মাফ করে দিও।” এই কথা বলার পরেই ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে স্বজনরা খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও খুঁজে না পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তার স্ত্রী একটি নিখোঁজ জিডি করেন।
মঙ্গলবার সকাল প্রায় ৭টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের (পাচমরা) ঢাকা-রংপুরগামী মহাসড়কের পূর্বপাশে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।”