প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৯:৪৬ পিএম

গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর দখলদার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। তাঁদের মধ্যেই অন্যতম ছিলেন আকরাম আবু বকর—যিনি ইসরায়েলের আদালত থেকে পেয়েছিলেন তিনটি যাবজ্জীবন কারাদণ্ড।
২৩ বছর পর কারামুক্ত হয়ে মিসরের রাজধানী কায়রোতে পৌঁছান তিনি। আর সেখানেই ঘটল এক আবেগঘন পুনর্মিলন—দীর্ঘ ২৩ বছর আগে যাকে তালাক দিয়েছিলেন, সেই নারীকে আবারও বিয়ে করলেন আবু বকর।
২৩ বছর আগে বন্দি হওয়ার পর স্ত্রীকে তালাক দিয়েছিলেন তিনি, কারণ তিনি চাননি তার স্ত্রী সারাজীবন এক বন্দির স্ত্রী হিসেবে অপেক্ষায় কাটান। কিন্তু সেই নারী কখনও হাল ছাড়েননি। স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নিয়ে তিনি দিন গুনেছেন দীর্ঘ দুই দশক ধরে—বিশ্বাস রেখেছিলেন, একদিন তিনি ফিরে আসবেন।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। কারাগার থেকে মুক্তি পেয়ে আবু বকর আবারও বিয়ে করলেন তাঁর প্রিয় জীবনসঙ্গীকে।
৫০ বছর বয়সী এই ফিলিস্তিনি বলেন, “আমি তাকে তালাক দিয়েছিলাম মুক্তি দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে ভালোবাসা দিয়ে বন্দিদশা থেকেও মুক্ত রেখেছে।”
এই বিয়ে কেবল এক দম্পতির পুনর্মিলন নয়—এটি ফিলিস্তিনি জনগণের অবিচল বিশ্বাস, সংগ্রাম এবং ভালোবাসার এক প্রতীক হয়ে উঠেছে। তুলকারামের এই দম্পতির গল্প আজ সমগ্র আরব বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু—যেখানে পরাজিত হয়নি ভালোবাসা, জিতেছে মানবতা ও আশার আলো।
স্বদেশ প্রতিদিন/ আরএফ