প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম

বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে টানা তিন দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামে। এমন জনসমাগম গত কয়েক দশকেও দেখা যায়নি বলে জানিয়েছেন বাউল, সাধক ও লালনভক্তরা। আর জনসমাগমের সুযোগে সক্রিয় ছিল মোবাইল চোর, পকেটমার ও জাল টাকা ব্যবসায়ীর একাধিক চক্র।
গত তিন দিনে ফোন চুরির ঘটনায় অন্তত ৭৮ জন ভুক্তভোগী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। এছাড়াও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র্যাব। এসব ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম।
ফোন চুরি ও পকেটমারের ঘটনায় গ্রেফতাকৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯),সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামিম তালুকদার (২৮) , মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০), ময়মনসিংহের ত্রিশাল এলাকার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০)। এছাড়াও জাল টাকার জন্য কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে মো. সবুজকে (২৪) গ্রেফতার করা হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার রাত ১০টার দিকে আখড়বাড়ির প্রবেশপথ থেকে জাল ২১ হাজার ৫০০ টাকাসহ সবুজকে আটক করে র্যাব। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব রবিবার মধ্যরাতে লালন সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে/এমএস