প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৩৮ AM

বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ এক অস্ত্র ব্যবসায়ী ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়।
চলমান তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ অক্টোবর চেকপোস্টে অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরা (৩৩) নামের একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
এরপর বলিপাড়া জোনের বিভিন্ন স্থানে অভিযানে তার সহযোগী রুইহং ম্রো (৬০)-কেও আটক করা হয়।
অভিযানে রুইহং ম্রোর কাছ থেকে যেসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সেগুলো হলো, ৩০ রাউন্ড অ্যামুনিশন, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলাবারুদ সংরক্ষণের বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল ফোন, ১টি কৃষি ব্যাংকের চেক বই।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে বিজিবির বিজ্ঞপ্তিতে।
৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “আঞ্চলিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কোনও ছাড় দেব না। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে