প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৩:৩২ AM

হবিগঞ্জের বাহুবল উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ‘ওয়াশব্লক’ (টয়লেট ও স্যানিটেশন সুবিধা) প্রকল্পের কাজ ফেলে রেখে আত্মগোপনে গেছেন ঠিকাদার। এতে বিদ্যালয়গুলোতে চরম স্বাস্থ্যঝুঁতিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় দুই বছর আগে শুরু হয় এই ‘ওয়াশব্লক’ নির্মাণ কাজ। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় ‘আর.এম ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলার যেসব বিদ্যালয়ে এই প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলো হলো- মিরপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দাপটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চুক্তি অনুযায়ী ৬ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এক বছরেও শেষ হয়নি ৪০ শতাংশ কাজ। এরপর রাজনৈতিক পটপরিবর্তনের অজুহাতে পুরোপুরি বন্ধ হয়ে যায় নির্মাণ কার্যক্রম।
অনুসন্ধানে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনির আহমেদ একজন সাবেক জেলা পরিষদ সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে তার বিরুদ্ধে মামলার পর তিনি আত্মগোপনে চলে যান।
এরপর থেকেই কাজ বন্ধ, কিন্তু শিক্ষার্থীদের দুর্ভোগ চলছেই। শিক্ষকদের একাংশ জানান, টয়লেট ব্যবহার না করতে পেরে শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, ছুটিও বেশি নিচ্ছে।
এ বিষয়ে বাহুবল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রুমন রায় বলেন, “ইতোমধ্যে প্রায় ৫০% কাজ সম্পন্ন হয়েছে, তবে ঠিকাদার নিখোঁজ থাকায় বাকি কাজ বন্ধ রয়েছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে দরপত্র বাতিলের জন্য লিখিতভাবে জানিয়েছি।”
তিনি আরও জানান, “সম্ভবত নতুন করে টেন্ডার আহ্বান করা হবে অথবা জেলার অন্য উপজেলায় চলমান একই প্রকল্পের সঙ্গে যুক্ত করে আগামী ডিসেম্বরের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ করা হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে