প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:৫৬ AM

সেন্টমার্টিনে দীর্ঘ ৯ মাসের নিষেধাজ্ঞার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “পর্যটকরা পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন। তবে তারা সেখানে রাত্রিযাপন করতে পারবেন কি না, সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।”
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৯ মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক যাওয়া সম্পূর্ণ বন্ধ ছিল। বন্ধ ছিল পর্যটকবাহী জাহাজ চলাচলও। এই নিষেধাজ্ঞার ফলে দ্বীপের পর্যটন খাতে ব্যাপক প্রভাব পড়ে।
জেটিঘাটে নেমে আসে নীরবতা, জাহাজ কর্মীরা ছিলেন কার্যত বেকার। স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মালিকরা বারবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
সরকার জানায়, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্যই পর্যটক যাওয়া বন্ধ রাখা হয়েছিল। দ্বীপটিকে “স্থানীয় জনগণকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র” হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এবার সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ও নিয়ম-কানুন মেনে চলতে হবে। দ্বীপের পরিবেশের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকে কড়াভাবে নজরদারি রাখা হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে