প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১২:০৭ AM

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাঁর সমর্থক নেতাকর্মীরা।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে বেলাব উপজেলার সল্লাবাদ ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি সল্লাবাদ ধনু মাস্টার উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে শুরু হয়ে নারায়ণপুর বাজার ঘুরে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য মো. হারুনুর রশিদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বক্তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হারুনুর রশিদের দলীয় পদ থেকে অপসারণ দাবি করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম তানভির, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, সাবেক সভাপতি আব্দুল বাছেদ (মাস্টার), সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, বেলাব উপজেলা যুবদলের নেতা মো. রবিন মোল্লা ও মো. মাসুদ মোল্লা, বিএনপি নেতা মো. বাদল মিয়া, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা জাকির হোসেন প্রমুখ।
সভায় মো. জহিরুল ইসলাম তানভির বলেন, “সরদার সাখাওয়াত হোসেন বকুল দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূল বিএনপির পাশে ছিলেন। তাঁর জনপ্রিয়তা অনেক ‘হাইব্রিড নেতা’র জন্য গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নরসিংদী জেলা বিএনপি থেকে হারুনুর রশিদের পদত্যাগ দাবি করছি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে