প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৭:২৬ PM

সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে এবং বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এর আগে দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। এছাড়া উদ্ধারকাজে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দুটি প্লাটুন সদস্যও সহায়তা দিচ্ছেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর