প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে একটি রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে। এখন আর নির্বাচন নিয়ে জটিলতা থাকার কথা নয়। যেসব দল এখনো সনদে স্বাক্ষর করেনি, তারাও ভবিষ্যতে এতে যোগ দেবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক। জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যানও বলেছেন যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য এখনও সুযোগ খোলা রয়েছে।”
বিএনপি সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রচারণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে