প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পিএম

সংগৃহীত ছবি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারায় পাহাড় নামার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন দীঘিনালার কবাখালি এলাকার আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা। মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনা ঘটে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে।
চট্টগ্রামগামী শান্তি পরিবহন এর বাস আলুটিলার সাপমারা পাহাড়ি পথে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে কয়েকজন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন- মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)। অধিকাংশের শরীরে কাটাছেঁড়া আছে, তবে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৩-১৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়া ত্রিপুরা জানিয়েছেন, হাসপাতালের ছয়জন আহতের চিকিৎসা চলছে এবং সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
স্বদেশ প্রতিদিন/শাহো