প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:২৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৪৩ জনেই রয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫৫ হাজার ৩৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
তথ্য বলছে, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪৩ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে সর্বাধিক ৭৬ জনের মৃত্যু হয়েছে।
জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ জনের।
স্বদেশ প্রতিদিন/কেআইকে