প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:৪২ পিএম

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানিয়েছেন, সকলের ইশতেহার সমন্বয় করে একসঙ্গে কাজ করা হবে।
তিনি বলেন, “আমাদের এই বিজয়ের পেছনে শিক্ষার্থীদের অবদানই সবচেয়ে বড়। যারা নির্বাচনে পরাজিত হয়েছেন, তাদের কাছে অনুরোধ— আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা সবার পরামর্শ নিয়েই সামনে এগিয়ে যাব।”
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাকসুর ফলাফল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ এসব কথা বলেন।
তিনি বলেন, যারা পরাজিত তারাও আমাদের সহযোদ্ধা। তাদের লিডারশিপ কোয়ালিটি আছে। তাদের প্রতি আমাদের নবনির্বাচিতদের শ্রদ্ধা। আমরা চাইবো, তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করুক। সবার ইশতেহারগুলো এক করে সমন্বয় করে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা কাজ করবো।
জাহিদ আরও বলেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদবিরোধী প্রত্যেকটি দল আমরা রাকসুর জন্য আন্দোলন করেছি। নানা ষড়যন্ত্রের পর রাকসু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সফলতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কৃতজ্ঞতা জানাই।
নবনির্বাচিত রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, আমার ম্যান্ডেট শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া, তাই তাদের স্বার্থেই আমি কাজ করব। শিক্ষক ও কর্মকর্তাদেরও ভূমিকা রয়েছে, তবে শিক্ষার্থীরাই আমার কাছে আগে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ