প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:২৫ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অনলাইন বুলিং প্রসঙ্গে বলেছেন, ‘যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি একদিন চলে যাবেন, কিন্তু কথাটা থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’
সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে মাঝেমধ্যে নানা ধরনের কটূ মন্তব্য ও বুলিংয়ের শিকার হতে হয় জয়াকে। এ প্রসঙ্গেই নিজের অভিজ্ঞতা খোলামেলা তুলে ধরেন তিনি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আয়োজিত এ পডকাস্টে বিশেষ অতিথি ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
জয়া বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমি খুব বেশি পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটি অশোভন মন্তব্য রেখে যান। আমি বিশ্বাস করি, এসব কথা তাদের জন্যই পাপ হয়ে থাকবে আমার কোনো ক্ষতি হবে না।’
অনুষ্ঠানে অতীতের প্রতি নিজের টান নিয়েও কথা বলেন তিনি। জয়াহ বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন। অতীত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে