প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০৮ AM

সংগৃহীত ছবি
আজ শুক্রবার হেমন্তের প্রথম দিন; সকাল ৭টায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টি প্রায় নেই। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে, অন্য সব অঞ্চলে বৃষ্টিহীন অবস্থার কারণে তাপমাত্রা সামান্য বেড়েছে। গতকাল সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, আজ একই সময়ে তা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আজও দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। তবে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।