প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৯:০৩ পিএম

সংগৃহীত ছবি
ছয় ঘণ্টা পেড়িয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে লাগা আগুন।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি স্টেশনের ১৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। পাশাপাশি নৌবাহিনীর কয়েকটি ইউনিটও সহায়তা করছে।
টানা ৬ ঘণ্টার চেষ্টার পরও রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি; বরং আগুন আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ঘটনার সময় আটতলা ভবনটির বিভিন্ন তলায় প্রায় সাত শতাধিক শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী কাজ করছিলেন। আগুন লাগার পর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে কারখানার মালিকপক্ষ দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সাততলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ছয় ও পাঁচতলায় পৌঁছে যায়। এতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং নামার সময় কয়েকজন আহত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৯টি ইউনিট কাজ করছে। সেনাবাহিনী ও নৌবাহিনীও সহায়তা করছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।”
রাত ৮টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, সিইপিজেড, আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন, হালিশহরসহ বিভিন্ন স্টেশনের ১৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে সাততলায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘন ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে ফায়ার সার্ভিস কাজ করছে। একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের কারখানাগুলোর ওপর ঝুঁকি তৈরি হয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে। তবে মালিকপক্ষ নিশ্চিত করেছে যে ভবনের ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েননি।”