প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:২৫ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ১:৫৯ PM

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার এবং বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীর আলম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী হাসপাতালে রেফার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক ও জাহাঙ্গীর আলমের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম রুটের যাত্রীবাহী শাহী ও জোনাকি পরিবহনের ঝুমুর কাউন্টারে টিকিট বিক্রিকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। শাহী কাউন্টারের নিয়ন্ত্রণে থাকা তারেকের সঙ্গে বাকবিতণ্ডার পর জোনাকি কাউন্টারের দায়িত্বে থাকা জাহাঙ্গীর তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর সংঘর্ষ শুরু হয়, যা মটকা মসজিদ এলাকায়ও ছড়িয়ে পড়ে।
জাহাঙ্গীরের অনুসারী যুবদল কর্মী মিজান মোল্লা বলেন, “রাতে সাড়ে ৮টার দিকে তারেক ও তার সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। পরে মটকা মসজিদ এলাকায় গিয়ে অবস্থান নিলে সেখানে আবারও সংঘর্ষ হয়।”
আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ূন ও সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন।
হুমায়ূন বলেন, “তারেক ও জাহাঙ্গীর দুজনই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তবে কেন্দ্রীয়ভাবে কমিটি ঘোষণা স্থগিত রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল, যার ফলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয়ভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, “হাসপাতালে আহত ১৬ জন চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে দুইজনকে ভর্তি এবং একজনকে নোয়াখালী হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে