প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:৩৮ পিএম

সংগৃহীত ছবি
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে বুধবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের গণপিঠুনী ও তীর দিয়ে হত্যা করা হয়েছে। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে সাম্পাহার থানায় নিয়ে গেছে। নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৫), কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)
বিজিবি জানিয়েছে, ওই তিনজন বাংলাদেশী ভারতের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করে অবস্থান করছিল। এই এলাকা সীমান্তের প্রায় ৪–৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন। ধারণা করা হচ্ছে, তারা গরু পাচারের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল।
বিজিবি আরও জানায়, স্থানীয়রা তাদের চোর সন্দেহে গণপিঠুনী ও তীর দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেছেন, লাশের ছবি দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, কুপিয়ে ও তীর মেরে হত্যা করা মরদেহগুলো বাংলাদেশীর, এবং বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো