কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্তার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি টিমের অভিযানে দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), নুর হোসেন, রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০) ও সরদারপাড়া এলাকার মারুফ মিয়া (৪০)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ৫ জন দালালকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করার লক্ষ্যে কুড়িগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে।”