প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৫০ AM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের দিবাকরপুর মাঠে লিজ নেয়া জমির ৪ বিঘা আমন ধানে রাতের আঁধারে বিষাক্ত ঔষধ ছিটিয়ে ফসলের ক্ষতি করার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. একরামুল হক প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছেলোবেল গ্রামের মৃত ওয়াজেদ আলী মণ্ডলের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মো. একরামুল হক কয়েক বছর ধরে তার চাচা ও চাচাতো বোনদের অংশের জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত আমজাদ আলীর তিন ছেলে- মোস্তাফিজুর রহমান, অলিউজ্জামান ও মিন্নুর রহমান তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।
ঘটনার বিবরণে একরামুল হক বলেন, ‘দুই দিন আগে রাতের অন্ধকারে তারা আমার লিজ নেয়া জমিতে উচ্চমাত্রার বিষাক্ত ঔষধ ছিটিয়ে ধানের মারাত্মক ক্ষতি করেছে। এতে প্রায় পুরো ৪ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।’
অন্যদিকে, অভিযুক্তদের একজন অলিউজ্জামান অলি বলেন, ‘আমরা কোনো ধান নষ্ট করিনি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, ‘ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম