
আহ্বায়ক সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL)-এর চ্যাপ্টার উদ্বোধন ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।
১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ।
কমিটির সদস্য সচিব হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।
এছাড়াও আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরে আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাইয়েদ আজহারুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মো. আবির হোসেন।
অনুষ্ঠানে ইউটিএল-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতিকে ধারণ করে ২০২৫ সালের জুলাই মাসে ইউনিভার্সিটি টিচার্স লিংক আত্মপ্রকাশ করে। শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে ইউটিএল কাজ করছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও সামাজিক রূপান্তরের যে ধারা রয়েছে, ইউটিএল সেই চেতনা ধারণ করেই এগিয়ে চলছে। সংগঠনটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন, নৈতিক চর্চা ও জাতীয় নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ইতিহাস বিভাগের প্রধান ও নবগঠিত কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, “বর্তমান সময়টি নৈতিক ও আদর্শিক পুনর্গঠনের সময়। শিক্ষক সমাজকে কেবল পর্যবেক্ষক নয়, বরং দিকনির্দেশক ও চিন্তার নির্মাতা হিসেবে ভূমিকা রাখতে হবে। সেই লক্ষ্যেই ইউটিএল একটি পেশাদার, দায়িত্বশীল ও কার্যকর শিক্ষক সংগঠন হিসেবে নিজেদের গড়ে তুলছে।”
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের এই উদ্বোধন শিক্ষক সমাজের মর্যাদা পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকিত শিক্ষাব্যবস্থা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএএম/শাহো