প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ পিএম

সংগৃহীত ছবি
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। জেলখানায় সম্পন্ন হয়েছে এক দম্পতির বিয়ে।
জানা গেছে, আকতার হোসেনের ছেলে মো. হাসনাত (২১) ভালোবেসে গোপনে বিয়ে করেন একই বাড়ির বাকপ্রতিবন্ধী আকলিমা বেগমকে (২২), যিনি মো. মাসুদের মেয়ে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। তবে বিয়ের সময় কাবিননামা সম্পন্ন না হওয়ায় উভয় পরিবারের মধ্যে শুরু হয় তীব্র বিরোধ। এ সময় দম্পতির ঘরে জন্ম নেয় একটি সন্তানও।
পরিবারের বিরোধ গড়ায় আদালতে। ২০২৪ সালের ২৪ জুন আকলিমার বাবা মো. মাসুদ আদালতে মামলা করেন। মামলার পর ২৬ জুন মো. হাসনাতকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। প্রায় এক বছর ধরে তিনি চাঁদপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।
তবে সম্প্রতি উভয় পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় চাঁদপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারকের নির্দেশে গত রবিবার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা কারাগারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা ও কাবিননামা স্বাক্ষরের সময় বর-কনেকে বেশ আনন্দিত দেখা যায়। বিয়েতে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি হিসেবে এক সহকারী কমিশনার, জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধি, দুই পরিবারের অভিভাবক ও নিকটাত্মীয়রা। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও।
স্থানীয় মুরুব্বি আবুল বাশার মিজিও বিয়েতে উপস্থিত ছিলেন। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বর-কনে ও তাঁদের স্বজনদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় বলে জানান চাঁদপুর জেলা কারাগারের জেলার মো. জুবায়ের।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম সোমবার (১৩ অক্টোবর) রাতে সময় সংবাদকে জেলখানায় অনুষ্ঠিত এ বিয়ের সত্যতা নিশ্চিত করেন।
বিয়ের পর হাসনাতের দ্রুত জামিন ও মামলার নিষ্পত্তি বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন উভয় পরিবারের সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/এমএএম