প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:৪৬ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন পেছানো হয়েছে, তবে জনগণ বিএনপির পক্ষে থাকায় বিজয় অবশ্যম্ভাবী। তার ভাষায়, “যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন, বিএনপির ভূমিধস বিজয় হবে।”
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, “নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু বিএনপিকে রুখতে নানা চক্রান্ত হয়েছে। এর পরও মানুষ বিএনপির পাশে আছে। এই জনসমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিকভাবে সচেতন মানুষ জানে, আওয়ামী লীগ এখন জনগণের আস্থা হারিয়েছে। রাস্তায় কিছু মিছিল করলেই মানুষ বিশ্বাস করবে না। শেখ হাসিনাকে একদিন সময়ের কাছে জবাব দিতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ষড়যন্ত্রের জবাব জনগণের ভোটেই দেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ