প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:০০ AM

বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে এর মধ্যে অন্যতম শহর ঢাকাও বায়ুদূষণের কঠিন সমস্যায় ঘেরা। সম্প্রতি কিছুটা উন্নতি হলেও ফের শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেমে এসেছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার বায়ুমানের একিউআই স্কোর ১৫৬ রেকর্ড করে। এই স্কোরে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর ২০৬। ভারতের দিল্লি ১৮৩ স্কোর নিয়ে দ্বিতীয়, কলকাতা ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এরপরে চার ও পাঁচ নম্বরে যথাক্রমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা (১৬৬) এবং কাতারের দোহা (১৬১) অবস্থান করছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
স্বদেশ প্রতিদিন/এমএম