প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন এর জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প (সিসিএ) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদ্দীপন শিশু ও যুব ক্লাবের প্রতিনিধিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো- দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং জনগণকে সচেতন করা। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বড় ক্ষতি রোধ করতে।’
উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্য মারিয়া মিম বলেন, ‘উদ্দীপন সবসময় প্রান্তিক জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে। দুর্যোগের পূর্বে, চলাকালীন এবং পরবর্তী সময়েও আমাদের স্বেচ্ছাসেবক টিম সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম