প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:৫৯ পিএম

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় উদযাপিত হলো ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫’। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক ব্যবস্থাপনায় পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন- কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. ছিদ্দিকুর রহমান। সভার সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সহকারী কমিশনার ইশরাত জাহান পিয়া।
মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুর রাজ্জাক। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, স্কাউট, বিএনসিসি, রোভার স্কাউটস ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
শিক্ষার্থীদের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, মানুষকে উদ্ধার করার কৌশল এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি বাস্তবভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ থাকার উপায়ও হাতে-কলমে প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/এমএম