প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:০৮ পিএম

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে যমুনা সেতুর গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি এক ঘণ্টাব্যাপী স্থায়ী হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শতাধিক মানুষ যমুনা গোলচত্বর এলাকায় জড়ো হতে থাকেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে আসে এবং “টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখতে হবে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের ফলে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, “বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনের কাছে জানানো হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে