ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ফুটবল ক্লাব EWU CSE FC এর আয়োজনে অনুষ্ঠিত ‘EWU INTRA CSE FOOTBALL TOURNAMENT 11.0’-এ চ্যাম্পিয়ন হয়েছে দল ‘ইনটিজার ৭’। শুরু থেকে ফাইনাল পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স এবং দলগত সমন্বয়ের মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
গত শুক্রবার (১০ অক্টোবর) ইস্ট কোর্ট এরিনা, আফতাবনগরের মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইনটিজার ৭ এবং বাইনারি বিস্ট।
নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা ০–০ গোলে ড্র হয়। এরপর পেনাল্টি শুটআউটে ‘ইনটিজার ৭’ ২–১ ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে।
এদিন চ্যাম্পিয়ন দল হিসেবে ইনটিজার ৭ পেয়েছে ৯,০০০ টাকা পুরস্কার অর্থ এবং ট্রফি, আর রানার আপ দল বাইনারি বিস্ট পেয়েছে ৬,০০০ টাকা এবং ট্রফি।
এছাড়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নিয়মিত এই ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, শারীরিক সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
এদিকে আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলই খেলাধুলার মানসিকতা ও দলগত চেতনার পরিচয় দিয়েছে। বিভাগীয় শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।