
দেশে ক্যান্সার চিকিৎসায় পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর সংখ্যা বিবেচনায় তিনি এ আহ্বান জানান।
সোমবার রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্তন ক্যান্সার সচেতনতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন,
“শুধু স্তন ক্যান্সার নয়, দেশে প্রতিনিয়ত সব ধরনের ক্যান্সার রোগীর সংখ্যাই বাড়ছে। এ অবস্থায় আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।”
তিনি বলেন, “আমাদেরকে এখনই ক্যান্সার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে ৬৪ জেলার মানুষের কাছে সচেতনতা ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়।”
নূরজাহান বেগম জানান, বর্তমান সরকার ইতিমধ্যে প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে। পাশাপাশি ৩৬৩ কোটি টাকা ব্যয়ে ছয়টি নতুন লিনাক (LINAC) মেশিন কেনার প্রক্রিয়া চলছে, যা আগামী কয়েক মাসের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্তন ক্যান্সার চিকিৎসায় আধুনিক পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকার এ খাতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
আমলাতান্ত্রিক জটিলতাকে উন্নয়ন কর্মকাণ্ডের বড় বাধা উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, “একটি ফাইল কখনও একজন কর্মকর্তার কাছেই এক মাসের বেশি সময় আটকে থাকে—এতে উন্নয়ন কার্যক্রমে গতি পাওয়া সম্ভব নয়। তাই প্রশাসনিক কাজে আরও আন্তরিক হতে হবে।”
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের পর আমরা কেউ হয়তো দায়িত্বে থাকব না, তবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ এনজিও দেশের মানুষের পাশে থাকবে। আমরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “আমাদের টাকার অভাব আছে, তাই সব সময় বিদেশে গিয়ে অভিজ্ঞতা অর্জন সম্ভব নয়। তবে বিদেশি বিশেষজ্ঞদের দেশে এনে প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বাড়ানো যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নিতে হবে।”
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শতভাগ নিরাময়যোগ্য। তাই লজ্জা বা ভয় না পেয়ে নিয়মিত স্ক্রিনিং করা জরুরি।”
তিনি আরও জানান, বর্তমান বিশ্বে ৩০ বছরের নিচের নারীদের মধ্যেও স্তন ক্যান্সারের প্রবণতা দেখা যাচ্ছে। তাই বয়স বিবেচনা না করে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ