প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:৪৩ পিএম

ইসরায়েলে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হামাস বর্তমানে দীর্ঘ যুদ্ধের পর শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তারা প্রকাশ্যেই জানিয়েছে যে, নিজেদের পুনর্গঠনের প্রয়াস নিচ্ছে, আর আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য সেই সুযোগ দিয়েছি।”
তিনি আরও বলেন, “আপনাকে বুঝতে হবে— তারা প্রায় ৬০ হাজার মানুষ হারিয়েছে। এটি তাদের জন্য এক বিশাল ক্ষতি এবং প্রতিশোধের ভারসাম্য তৈরির সময় চলছে।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২০ হাজারের বেশি শিশু।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চায় যেন গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা নিরাপদে ফিরে গিয়ে পুনর্গঠন করতে পারেন। তবে তিনি সতর্ক করে বলেন, “গাজা এখন প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং মানুষ ফিরে এলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।”
বর্তমানে হামাসের অস্ত্রসমর্পণ ও নিরস্ত্রীকরণের সময়সূচি নিয়েই যুদ্ধবিরতি আলোচনায় প্রধান বিতর্ক সৃষ্টি হয়েছে। এই সংবেদনশীল পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ