প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:৩২ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ৩:৩৬ PM

যাদের নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত রয়েছে, তাদেরকে ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো বাতিল (ডি-রেজিস্টার) করতে হবে— এমন সতর্কতা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের অধীনে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। তাই ব্যবহারকারীদের পছন্দমতো ১০টি সিম রেখে বাকিগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করার আহ্বান জানানো হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে ব্যবহারকারীরা মোবাইলের ডায়াল অপশনে *১৬০০১# লিখে পাঠিয়ে এনআইডির শেষ চারটি সংখ্যা প্রবেশ করাতে পারবেন।
কমিশন আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে দৈবচয়ন পদ্ধতিতে বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বাতিল করে দেবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ