প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:১৭ পিএম

ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে তিনি এ সফরে গিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকীবুল হক।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, ড. ইউনূস রোববার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।
ফোরামে অংশগ্রহণ প্রসঙ্গে উপপ্রেস সচিব আরও জানান, এবারের বিশ্ব খাদ্য ফোরামে খাদ্য নিরাপত্তা, কৃষি উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বিশ্বনেতা, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও তরুণ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।
জাতিসংঘের এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা মতবিনিময় করেন।
সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে