
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসি’র (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) কোটি টাকার ডিএপি সার ছিনতাইয়ের পর বিক্রির চেষ্টা চলাকালে একটি কার্গো জাহাজসহ বিপুল পরিমাণ সার জব্দ করেছে নৌ পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে নবীনগরের আড়িয়াল খাঁ নদীতে সারবোঝাই কার্গোটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, সরকারি ৬,৩৪০ বস্তা ডিএপি সারবোঝাই একটি কার্গো জাহাজ মুন্সীগঞ্জ থেকে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশে মেঘনা নদীপথে যাচ্ছিল। পথে নরসিংদীর রায়পুরা এলাকায় দুর্বৃত্তরা জাহাজটির ৬ জন নাবিককে হাত-পা বেঁধে নদীর তীরে ফেলে দিয়ে কার্গোটি ছিনতাই করে নিয়ে যায়।
পরে নবীনগরের নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজার এলাকায় এসব সার বিভিন্ন ডিলারের কাছে বিক্রির সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে আটক করে এবং জাহাজসহ মালামাল জব্দ করে।
অভিযানের সময় দেখা যায়, কার্গো থেকে ইতোমধ্যে প্রায় ১,৪০০ বস্তা সার আনলোড করা হয়েছিল। এর মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী ও সরকারি ডিলার মো. বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা পাওয়া গেছে। বাকিগুলোর এখনো কোনো হদিস মেলেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১০ অক্টোবর) থেকেই শিবনগর ও নোয়াগাঁও বাজার এলাকায় কার্গো থেকে সার নামাতে দেখা গেছে।
অভিযুক্ত ডিলার মো. বোরহান উদ্দিন দাবি করেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার গোডাউনের চাবি সাব-ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে। সে হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ বিষয়ে তোফাজ্জল হোসেন শিবলু বলেন, আমি শুধু গোডাউনের চাবি দিতাম। সানাউল্লাহ প্রতিদিন চাবি নিতে আসতেন, গতকালও নিয়েছেন। পরে কী হয়েছে, জানি না।
তবে সানাউল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) আব্দুল আল মামুন বলেন, সরকারি ডিএপি সারবাহী কার্গোটি ছিনতাইয়ের পর আমরা সারাদিন ধরে অভিযান চালাই। প্রায় কোটি টাকার সার উদ্ধার এবং সারবোঝাই জাহাজ জব্দ করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্বদেশ প্রতিদিন/এনআর