প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:০৩ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৮:২৫ PM

সংগৃহীত ছবি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুটি নতুন অধিদপ্তর গঠন করা হচ্ছে। একটি হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’, অন্যটি ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’। বিষয়টিতে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে নতুন দুটি অধিদপ্তর গঠনের লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়ন করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর)। সদস্যসচিব হিসেবে থাকবেন বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক–১)।
অন্য সদস্যরা হলেন— শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ–১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক), উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) এবং সহকারী পরিচালক (বাজেট)।
স্বদেশ প্রতিদিন/এনআর