প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:৫২ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৫:১৭ PM

অন্তর্বর্তী সরকারের প্রতিটি উপদেষ্টা নিজেদের স্বার্থে আখের গোছানোর কাজ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন তিনি।
সামান্তা শারমিন বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আজ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা দেশের শিক্ষাব্যবস্থার স্বার্থে নয়, বরং নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। এ ইন্টারিম গভর্নমেন্ট এখন জনগণের পাশে না থেকে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে।”
এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষক প্রতিনিধিদের একটি দল অর্থ মন্ত্রণালয়ের আমন্ত্রণে সচিবালয়ে গিয়ে বৈঠক করে। তবে কোনো সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় তারা বৈঠককে ফলপ্রসূ হয়নি বলে জানান।
দুপুর ১টার দিকে শিক্ষকরা দুটি ঘোষণা দেন—প্রথমত, তারা প্রেস ক্লাব থেকে সরে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। দ্বিতীয়ত, আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন।
এর পরপরই অধ্যক্ষ মাঈন উদ্দিন ও অধ্যক্ষ আজিজীর নেতৃত্বে একদল শিক্ষক বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে রওনা দেন। অন্যদিকে, আরেক দল প্রেস ক্লাবের সামনে থেকেই সচিবালয় অভিমুখে লংমার্চের দাবি জানিয়ে অবস্থান অব্যাহত রাখে।
দুপুর ১টা ৫০ মিনিটের দিকে প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের সরাতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, পরে লাঠিচার্জ চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে মাটিতে পড়ে যান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ