প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম

কালকিনিতে ২ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে, উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাদারীপুরের কালকিনিতে সমিতির হাট আবা খালেক উচ্চ বিদ্যালয় ও শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দুইটি সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় সততা স্টোর উদ্বোধন করা হয়।
শিশুদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি ও সততাকে মানুষের মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
দুর্নীতি দমন কমিশনের পক্ষ হয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর মাধ্যমে এই কাজ পৌছে দিচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে।
সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক আখতারুজ্জামান।
তিনি বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা চর্চা ও সততাকে মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দিচ্ছে। এদেশে এ ধরণের চর্চা নতুন মনে হলেও উন্নত বিশ্বে অনেক আগে থেকে এই চর্চা হয়ে আসছে। যখন আমরা শুদ্ধ হতে পারবো তখনই কেবল আমরা উন্নত পরিচয়ের মানুষ হতে পারবো।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বি এম হেমায়েত হোসেন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, সৎ কাজ করলে মানুষ মনে রাখে, আর অসৎ কাজ করলে মানুষ ঘৃণা করে।তোমাদেরকেই বেছে নিতে হবে তোমরা কোন কাজটি করবে ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা দূর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক সাইদুর রহমান, উপজেলার সমিতির হাট আবা খালেক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়াসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।