প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ পিএম

সংগৃহীত ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশত আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় দলটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করবে। একই দিনে তোপখানা রোডের ফারইষ্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে সভাও অনুষ্ঠিত হবে বলে দলটি জানিয়েছে।
রবিবার (১২ অক্টোবর) পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে পার্টির দুই ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক নেতৃত্বে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ কার্যক্রম শেষে কমিটি একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক সভায় প্রতিবেদন মূল্যায়ন করার পর প্রথম পর্যায়ে ১০০ আসনের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, পার্টি সর্বাধিক সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। এ প্রেক্ষাপটে এই প্রাথমিক তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন, যাতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ এবং ১৬ অক্টোবরের সভা সফলভাবে সম্পন্ন হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো