প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১:৩৩ পিএম

সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীর তীরে ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয় চলছে। স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের ঢিলেঢালা অভিযান ও কঠোর পদক্ষেপের অভাবকে দায়ী করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির শুরা এলাকায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত জেলেরা অবাধে ইলিশ ধরছেন। একই সঙ্গে কাজির শুরা বাজার নদীপাড়ে প্রকাশ্যে ইলিশের বেচাকেনা চলছে।
সরেজমনি গিয়ে বোঝার উপায় নেই যে, ইলিশ ধরা ও বেচাকেনার ওপর কোনো নিষেধাজ্ঞা রয়েছে। উৎসবের মতো পরিবেশে ক্রেতারা এখানে ভিড় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও ও প্রচারণার মাধ্যমে ক্রেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
একটি নৌকা ভিরতেই ক্রেতারা ছুটে আসছেন। ক্রেতারা জানাচ্ছেন, স্বল্প দামে পদ্মার তাজা ইলিশ পেতে আমরা দূর-দূরান্ত থেকে ছুটে আসি।
সচেতন নাগরিকরা আরও দাবি করেছেন, কাজির শুরা এলাকায় এবং আসা-যাওয়ার প্রবেশ পথগুলোতে নজরদারি বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে শিবচরের মৎস কর্মকর্তা জানিয়েছেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, আমি শিবচরে নতুন এসেছি। অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করবো।
সরকার সারাদেশে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের জন্য ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশাসনের শৈথিল্যের কারণে শিবচরের কিছু এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যত উপেক্ষিত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/শাহো