প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১:৪৬ AM আপডেট: ১২.১০.২০২৫ ১:৫৪ এএম

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে একটি কনভেনশন সেন্টারে চলমান কনসার্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। শরীফ ছাড়াও আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করেন। তখন ভিতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কনসার্ট চলাকালে একটি পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দিলে, ছাত্রদলের নেতাকর্মীরা তাতে আপত্তি জানান। এরপর দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে আহত ব্যক্তি এবং তার সঙ্গে আসা লোকজন বিস্তারিত তথ্য দিচ্ছেন না।
চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম সাংবাদিকদের বলেন, ‘ভেতরে স্লোগান নিয়ে গণ্ডগোল হয়। আমরা জানতে পেরেছি ছাত্রদলের অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন।’
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, ‘ঘটনার কারণ জানার জন্য প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। ইতোমধ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম