প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৪২ পিএম

সাতক্ষীরায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খড়িবিলা মোড় এলাকায় যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর জেলার মুজিবনগর থানার জিনারুল ইসলামের ছেলে মো. মুরশিদ আলম লিপু (২৯) এবং মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।
অভিযানে তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন এবং ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় উৎসাহিত করতেন। এছাড়া তারা অনলাইনের মাধ্যমে অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচারেও জড়িত ছিলেন।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, “গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। নিরাপত্তার জন্য তারা নিয়মিত স্থান পরিবর্তন করত এবং যেখানে নিরাপদ মনে করত, সেখান থেকেই কার্যক্রম চালাত।”
তিনি আরও বলেন, “অনলাইন জুয়া বিশ্বের যেকোনো প্রান্ত থেকে খেলা সম্ভব। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সমাজবিধ্বংসী অপরাধ। এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত মুরশিদ আলম লিপুর বিরুদ্ধে ২০২১ সালে একটি মামলা দায়ের হয়েছিল, যা বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে। নতুন করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে সাতক্ষীরা জেলা পুলিশ সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে এবং কেউ প্রতারিত হলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে