
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মনোনয়নপ্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোদ-বৃষ্টি কিংবা কোনো প্রতিকূলতাই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করেছে, ডামি প্রার্থী দিয়ে ভোট ডাকাতি করেছে। তবে এবার সেই সুযোগ আর নেই—জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, আর তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর ভূঁইয়া বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
তানভীর হুদা বলেন, বিএনপি হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসার দল। দেশের মা-বোনদের ৮০ থেকে ৯০ শতাংশই ধানের শীষের সমর্থক। তারা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস রেখে এবং তারেক রহমানের ওপর আস্থা রেখে বিএনপিকে আবারও বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, ভোটাধিকারের জন্য বিএনপির অসংখ্য নেতা-কর্মী হামলা, মামলা, খুন, গুম ও কারাভোগসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ত্যাগের কারণেই আজ জনগণ আবারও ভোটাধিকারের সুযোগ পাচ্ছে। এখন সময় এসেছে সেই অধিকার প্রয়োগের।
তানভীর হুদা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার জিয়া পরিবারের ওপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, তা ইতিহাসে বিরল। তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ২০০৭ সালে মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের আমলে তারেক রহমানের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালিয়ে তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। কিন্তু কোটি মানুষের দোয়া ও ভালোবাসার শক্তিতে তিনি আজ অক্ষত আছেন। এখন তারেক রহমান শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও নেতৃত্ব, প্রজ্ঞা ও ভবিষ্যৎ ভাবনায় প্রশংসিত।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছমির আলী মেম্বার এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ষাটনল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী খুকু, ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য সোহেল প্রধান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ