প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘কথাবার্তা পরিষ্কার, হিন্দুস্তান নয়, সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না।’
শুক্রবার বিকেলে সাত দফা দাবিতে রাজধানীর বিজয়নগর-পল্টন এলাকায় জাগপার বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে গ্রামের মানুষ প্রশ্ন করবে, উত্তর দিতে সময় লাগবে। এতে সময়মতো ভোট শেষ করা সম্ভব হবে না। তাই জাতীয় নির্বাচনের আগে ডিসেম্বর মাসের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে হবে।’
এর আগে সাত দফা দাবিতে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে জাগপা।
সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/শাহো