প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ পিএম

ভাদ্র ও আশ্বিন পেরিয়ে এখন শরৎকাল। এই সময়টা সাধারণত শুকনো আকাশ, হালকা ঠান্ডা ও সাদা মেঘের হওয়ার কথা থাকলেও এবছর অক্টোবর মাসে বর্ষাকালের মত বৃষ্টি আর ভ্যাপসা গরম দেখা যাচ্ছে। এতে অনেকেই মনে করছেন, আবহাওয়ার এই আচরণ অস্বাভাবিক।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ু এখনও বিদায় নেয়নি বলেই এই সময়টায় শুষ্কতা আসেনি। তিনি বলেন, ‘আগামী ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মৌসুমি বায়ু ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।’
এদিকে শীত কবে থেকে নামবে- এমন প্রশ্নে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, এখনও শীতের কোনো আভাস নেই। বরং অক্টোবর মাসজুড়ে ভ্যাপসা গরম থাকতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহের পর তাপমাত্রা কিছুটা কমে শীতের অনুভব শুরু হতে পারে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের কিছু অঞ্চলে যে কুয়াশা দেখা যাচ্ছে, তা শীতের নয়। বরং এটি আর্দ্রতা ও মেঘের কারণে সৃষ্টি হচ্ছে।’
বিশেষজ্ঞরা মনে করছেন, এবছর এলনিনোর প্রভাবের কারণে বর্ষা কিছুটা দীর্ঘায়িত হয়েছে। এর প্রভাবে শীত আসতেও দেরি হবে।
সাধারণত অক্টোবরের শুরুতেই দেশের উত্তরাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়। কিন্তু এবার তা বিলম্বিত হওয়ায় পুরো অক্টোবর মাসেই গরম ও বৃষ্টির প্রভাব থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
স্বদেশ প্রতিদিন/এমএম